দৈনিক মানবকণ্ঠের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কাশেম কাশির দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী বকশীগঞ্জের একজন পরিচ্ছন্ন ও সাহসী সংবাদকর্মী। তিনি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। কিন্তু চিহ্নিত ভূমিদস্যু আবুল কাশেম কাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি ও নির্যাতন করার উদ্দেশ্যে এই মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছেন। বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান এবং অন্যথায় কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
তথ্যসূত্রে জানা যায়, ১৯৯০ সালের দিকে পৌর শহরে চলাচলের জন্য একটি রাস্তা নির্মিত হয়, যা পরবর্তীতে ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদা শ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী ও ফুফু শাশুড়িসহ ৩৩ শতাংশ জমি ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন। খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার নামে জমি কর্তন না করায় কৌশলে মামলাবাজ কাশি ওই রাস্তার জমি নিজের নামে খারিজ করে নেন এবং মূল সম্পত্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও সাংবাদিক হিলারীকে ১ নম্বর আসামি করে সিআর মামলা দায়ের করেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শাহীন আল আমিন (দৈনিক ইত্তেফাক), আব্দুল লতিফ লায়ন (কালের কণ্ঠ), মাসুদুল হাসান (সমকাল), জি এম ফাতিউল হাফিজ বাবু (আর টিভি), মনিরুজ্জামান লিমন (প্রতিদিনের কাগজ), রাশেদুল ইসলাম রনি (আজকের পত্রিকা), এমদাদুল হক লালন (ইনকিলাব), আল মুজাহিদ বাবু (নয়া দিগন্ত), আশরাফুল হায়দার (মানবজমিন), রকিবুল হাসান বিদ্রোহী (আমার দেশ), সালাম মাহমুদ (দেশের কণ্ঠ), মুস্তাফা গাজী (রুপালি বাংলাদেশ), রাসেল রানা (আগামীর সময়), হারুনুর রশিদ, রিপন রাজ, জামিল আহাম্মেদ (সকালের সময়), ইমরান মাহমুদ (আজকের বসুন্ধরা), সাদিয়া ইসলাম (প্রাইম টিভি), ইমরান সরকার (গণকণ্ঠ), মারুফ হাসান, আমিনুল ইসলাম, তাহের ও মনোহার আলী প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









