নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ-মশোর মোড় ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সূত্র জানায়, সুবেদার মো. ইমরুল ইসলামের নেতৃত্বে টহলদল মেইন পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে ওই এলাকায় এলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। তিনি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মো. আইবুল ইসলামের ছেলে।
বিজিবি আরও জানায়, আটকের পর তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিম ও একটি সাইকেল জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
৫১ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









