ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) উদ্যোগে ভবন মালিক, ডেভলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নগরীর গণপূর্ত ভবনের পরিদর্শন বাংলোতে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউক চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলার গণপূর্ত প্রকৌশলী অর্ণব বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ যে সব সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমাদের এই ময়মনসিংহ নগরী একটি প্রাচীন ঐতিহ্যবাহী নগরী হলেও সেই অনুপাতে আমরা নাগরিক সুবিধা পাইনি। তাই শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই চলবে না, আমাদের প্রাণের ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে হবে। নদী রক্ষা ও পরিবেশের কথা মাথায় রেখেই সব উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার নগর পরিকল্পনার নানাদিক তুলে ধরে বলেন, “ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করা আমাদের জন্য পরম সৌভাগ্যের। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—অতীতে যাই হোক না কেন, এখন থেকে আমাদের সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। আমরা বিল্ডিং নকশা ও প্ল্যান পাসের কাজ কোনো রকম দীর্ঘসূত্রতা ছাড়াই দ্রুততম সময়ে সম্পন্ন করব। দক্ষ জনবল দিয়ে কাজ পরিচালনা করা হবে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা, তা আমাদের পরিদর্শকরা কঠোরভাবে তদারকি করবেন।”
তিনি আরও বলেন, “আমি নিজেকে দিয়ে এই নিয়মানুবর্তিতা শুরু করতে চাই। আমার নিজের বাসভবন করার সময়ও শতভাগ নিয়ম মেনে করব, যাতে আপনারা তা দৃষ্টান্ত হিসেবে দেখতে পারেন। অনেকে ব্যাক ডেটে অনুমোদন নেওয়া কিংবা ১০ তলার অনুমোদন নিয়ে ২০ তলা করার মতো যে অনিয়মগুলো করতেন, তা আর হতে দেওয়া হবে না। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ব্রহ্মপুত্র নদের ওপারে আধুনিক বিভাগীয় শহর, বিপিন পার্কের ওপারে দৃষ্টিনন্দন পার্ক, আকুয়া এলাকায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, ক্রীড়া প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হবে। মউক বর্তমানে সীমিত পরিসরে কাজ করলেও দ্রুতই নিজেদের শক্ত ফান্ড তৈরিতে কাজ করছে। বাণিজ্যিক এলাকার প্রতিটি ভবনে বাধ্যতামূলক পার্কিং ব্যবস্থা এবং ইবাদতের জন্য নামাজের জায়গা রাখার অনুরোধ জানাচ্ছি। একটি আধুনিক ও পরিকল্পিত ময়মনসিংহ গঠনে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, “ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে তিল তিল করে একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এমপি হিসেবে আমি মউককে সব ধরনের সাহায্য-সহযোগিতা করব। আমাদের লক্ষ্য একটি নতুন ও সুন্দর ময়মনসিংহ গড়ে তোলা। পাশাপাশি এই ভঙ্গুর রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ নগর উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মউকের নির্বাহী সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









