বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। কর্মসূচি থেকে তাকে ধামরাই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুর রহমান রবিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ধামরাই থানা রোডের বরাত সেন্টার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মেহেদী ভূঁইয়া। বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও আপত্তিকর। তারা ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ কর্মসূচিতে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









