যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি মো. হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রশিদ তালুকদার। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান জানান, ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনের পরিচালক শামীম হোসেন বলেন, “স্টপলিস্ট ভুক্ত কোনো ব্যক্তি ইমিগ্রেশনে এলে নিয়ম অনুযায়ী তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনাতেও প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









