অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে নীলফামারীর সৈয়দপুরে দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের ওই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় শহরের তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের মালিক বখতিয়ার উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ও একই অপরাধে আল সামস হোটেলের মালিক আলাউদ্দিনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন।
তিনি বলেন, ‘‘অভিযানকালে তাজির উদ্দিন হোটেল ও আল-শামস হোটেলের ভিতরে যেখানে খাবার রান্না হয় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি। মেয়াদ উত্তীর্ণ প্লাস্টিকের বোতলে বোরহানি সংরক্ষণ ও অপর হোটেলে একই ফ্রিজে পচা মাছ-এর সাথে রান্না করা খাবারসহ অন্যান্য খাবার পেয়েছি। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্রণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় অনুযায়ী ওই জরিমানা আদায় করা। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।’’
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন। তিনি বলেন, ‘‘ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা বিঘ্নিতকারী অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
এ সময় সৈয়দপুর পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকারসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









