জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে অভিযান চালিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে র্যাব ৯ ও র্যাব ১৪-এর যৌথ অভিযানে আসামি আইয়ুব আলীকে (২২) গ্রেপ্তার করা হয়। সে জামালপুর জেলার ঝালুরচর গ্রামের মো. মকছেন আলীর ছেলে।
র্যাব জানায়, ভিকটিম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন বাহাদুরাবাদ এ. রব সিনিয়র আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী। ভিকটিম লেখাপড়ার পাশাপাশি স্থানীয় মসজিদের মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করেন। ভিকটিম মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়ই আয়ুব আলী তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার পিতাকে জানালে তিনি আয়ুব আলীর পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করেন।
এতে আয়ুব আলী ভিকটিম ও তার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুলাই ভিকটিম স্থানীয় মসজিদের মক্তবে কোরআন শিক্ষার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ভাটিরপাড়া পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার ওপর পৌঁছামাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা আয়ুব আলী অন্যান্য বিবাদীদের সহযোগিতায় তাকে জোরপূর্বক একটি অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় ভিকটিম চিৎকার করলে স্থানীয় পথচারীরা বিষয়টি দেখতে পান। পরবর্তীতে পথচারীদের মাধ্যমে ভিকটিমের পিতা ঘটনাটি জানতে পেরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯, সিপিসি ৩ সুনামগঞ্জ এবং র্যাব ১৪, সিপিসি ১, জামালপুরের একটি যৌথ দল সোমবার রাত আড়াইটায় ছাতক থানাধীন ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ ৩১/০৭/২০২৬ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ০৭/৩০; এর মূলে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মাদ্রাসাছাত্রীকে অপহরণের ঘটনায় এজাহারনামীয় পলাতক আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
সিলেট র্যাব ৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









