যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সংবর্ধনা এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে গাইবান্ধা শহরের পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
শুরুতেই জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ড. মইনুল হাসান সাদিক এবং পুলিশ সুপার জসিম উদ্দিন যৌথভাবে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের শ্রদ্ধার্ঘ্যে স্মৃতি স্তম্ভ চত্বর মুখরিত হয়ে ওঠে।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ইনডোর স্টেডিয়ামে এক আবেগঘন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ও পলাশবাড়ী (গাইবান্ধা-৩) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া জেলার সাতটি উপজেলার শহীদ পরিবারের সদস্য, আহত ও বীর ‘জুলাই যোদ্ধা’ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও এতে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা ৫ আগস্টের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে এক বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে দ্রুত ‘জুলাই সনদ’ প্রদান এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎসর্গকারী জেলার ৬ জন শহীদের পরিবার এবং বীরত্বপূর্ণ অবদান রাখা ২৪৬ জন জুলাই যোদ্ধাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
একই সঙ্গে তাদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়। দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









