খাগড়াছড়ির দীঘিনালায় পথ হারিয়ে একা ঘুরে বেড়ানো ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে দীঘিনালা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন থানার সমন্বয়ে পরিচয় নিশ্চিত করে মাত্র এক রাতের মধ্যেই শিশুটিকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জিয়ানগর শিবির এলাকায় একটি চায়ের দোকানের সামনে শিশুটিকে একা বসে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। পরে স্থানীয় বাসিন্দা মো. সুজন শিশুটিকে নিরাপত্তার স্বার্থে দীঘিনালা থানায় নিয়ে যান।
থানায় নেওয়ার পর শিশুটিকে নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়। তার দেওয়া সীমিত তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন থানায় বেতার বার্তা ও ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের উদ্যোগ নেয়। পরবর্তীতে খাগড়াছড়ি সদর থানার সহায়তায় জানা যায়, শিশুটির নাম মো. আরমান হোসেন (১০) এবং তার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গামারীডালা এলাকায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শিশুটির মা মোসা. আমেনা আক্তার দীঘিনালা থানায় এসে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ছেলেকে শনাক্ত করেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, “একটি শিশুকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য বড় সাফল্য। পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এমন ঘটনায় দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে।”
শিশুটিকে দ্রুত উদ্ধার ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় দীঘিনালা থানা পুলিশের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









