ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বসতঘরের কাজের জন্য পুকুরে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়েছিল। দুপুরে মোটরের সাথে বৈদ্যুতিক সুইচ বোর্ডের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মো. আবুল কালাম। তিনি বলেন, ‘‘আমার চারটি মেয়ে ও একটি মাত্র ছেলে। সে এ বছর দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। খুবই মেধাবী ছিল। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’’
হাসপাতালের চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ বলেন, ‘‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’’
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









