পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৫টি মামলার আসামি ডাকাত দলের সদস্য মো. কামরুল হাওলাদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ঝালকাঠির কাঠালিয়া থেকে চুরি হওয়া ৪টি চোরাই মহিষ ও একটি হলুদ রঙের মিনিট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) ভোররাতে ভাণ্ডারিয়া থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ০৬ আগস্ট রাত আনুমানিক ২টার সময় ভাণ্ডারিয়া থানার রাত্রিকালীন ডিউটিরত দুটি মোবাইল টিমের যৌথ প্রচেষ্টা চলছিল। এ সময় সন্দেহজনক একটি হলুদ রঙের মিনিট্রাক চেকপোস্টের সিগনাল অমান্য করে দ্রুতবেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে ভাণ্ডারিয়া থানাধীন বড় কানুয়া সাকিনস্থ বটতলা নামক এলাকা থেকে ট্রাকটিকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা এলাকা থেকে চুরি করে নিয়ে আসা ৪টি মহিষ উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত দলের সদস্য কামরুল হাওলাদার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত কামরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় গুরুতর অপরাধের দীর্ঘ রেকর্ড রয়েছে। তার বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে ডাকাতি মামলা ৮টি, দস্যুতা মামলা ৩টি, চুরি মামলা ৪টি।
উদ্ধারকৃত ৪টি চোরাই মহিষ ও অপরাধে ব্যবহৃত মিনিট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, কাঁঠালিয়া থেকে ৪টি মহিষ চুরি করে ১৫ টি মামলার আসামি ভান্ডারিয়া অতিক্রম করছিলেন। এ সময় টহলরত পুলিশ সদস্যরা চারটি মহিসসহ একটি ট্রাক আটক করে। পরে কাঠালিয়া থানার সাথে যোগাযোগ করে ডাকাত সরদার এবং চারটি মহিষ ও মিনি পিক আপ তাদের কাছে আস্তানা করা হয়। জানা গেছে, এ ঘটনায় কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









