ভোলার চরফ্যাশনে সহকারী শিক্ষককে মারধরের মামলায় ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপর দুই আসামি হলেন মো. হামিম দেওয়ান ও মো. রাশেদ খান।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আকতার হোসেনের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে গত ২৭ জুন বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে আকতার হোসেনকে শার্টের কলার ধরে টেনে মাঠে নিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত ২ জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন সহকারী শিক্ষক আকতার হোসেন।
বৃহস্পতিবার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন প্রধান শিক্ষকসহ তিন আসামি। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে আদালত প্রাঙ্গণে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবি করেন, মারধরের ঘটনায় তিনি জড়িত নন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









