বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক রিপন রায় (৪৪) নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গৌরনদী থানাধীন খাঞ্জাপুর গ্রামের মৃধা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত রিপন রায় বরিশালের এয়ারপোর্ট থানার কাশিপুরের ইছাকাঠী কলোনির মৃত পিটার রায়ের ছেলে।
গৌরনদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রিপন রায় একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৬৬-৫৪১০) চালিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় পৌঁছলে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানান, সড়ক দুর্ঘটনার পর মহাসড়কে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









