বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতার দম্ভ কখনো স্থায়ী হয় না। জনগণের ওপর অন্যায়-অত্যাচার চালিয়ে কেউ পার পাবে না। যারা ক্ষমতার অপব্যবহার ও জনগণের ওপর নির্যাতন-নিপীড়নের সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।
রবিবার (৯ আগস্ট) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা বারবার বলেছি, মানুষের ওপর ভরসা রাখুন। আল্লাহর ওপর এবং সাধারণ মানুষের ওপর আস্থা রাখুন—তারাই আপনাকে সহযোগিতা করবে। কিন্তু যারা বন্ধুদের ওপর ভরসা করে ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, তাদের সেই ক্ষমতার রাজপ্রাসাদ কাচের ঘরের মতো ভেঙে পড়েছে।”
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থনীতিকে দুর্বল করা হয়েছে। অথচ বিপদের সময় সেই ক্ষমতা কোনো কাজে আসেনি। বরং জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যেতে হয়েছে।
আইনের শাসনের ওপর গুরুত্ব দিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, “সাহস থাকলে আইনের মুখোমুখি হন। আইন সবার জন্য সমান।” মানুষের ওপর গুলি চালিয়ে হত্যার মতো গুরুতর ঘটনার পরও যদি কারও মধ্যে অনুশোচনা না থাকে, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “অনেক মা-বোনকে স্বামীহারা, ভাইহারা করা হয়েছে, অনেক সন্তানকে এতিম করা হয়েছে। এত মানুষের কষ্টের পরও যদি কারও মধ্যে অনুশোচনা না থাকে, তাহলে কিসের দম্ভ? ক্ষমতার দম্ভ তো স্থায়ী নয়।”
রাজনীতিতে শালীনতা ও জনগণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনীতিতে মানুষকে সম্মান করতে শিখুন, জনগণকে সম্মান করতে শিখুন। আল্লাহ এই পৃথিবীর মালিক, এই দেশেরও মালিক। আর এ দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কে বা কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে।”
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য মিকায়েল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সহকারী পুলিশ সুপার হারেস উদ্দিন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামসহ দিনাজপুর-৬ আসনের চার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









