মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। ফলে কলেজটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুই ক্ষেত্রেই অর্জিত হয়েছে শতভাগ সাফল্য।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। ফল প্রকাশের পর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের পাশাপাশি ক্যাডেটদের অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের অন্যতম কারণ।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, “এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে ক্যাডেটরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। এ সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।”
তিনি আরও বলেন, “ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









