পিরোজপুরের নেছারাবাদে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়েছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে উপজেলার ইন্দুরহাট বন্দরে সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে থেকে মিছিলটি বের করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময় ও সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল রেজা সৌরভ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজসংলগ্ন এলাকায় হঠাৎ মিছিলটি বের করা হয়। এক থেকে দুই মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়ে যায়। এ সময় অংশগ্রহণকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ এবং ‘আউয়াল ভাইয়ের নির্দেশে আমরা আছি রাজপথে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের সময় অংশগ্রহণকারীরা নিজেরাই ভিডিও ধারণ করেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তুষার আমীন অপু বলেন, মিছিলের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তন্ময় ও সৌরভের নেতৃত্বে দুপুরে একটি ঝটিকা মিছিল বের হয়েছিল। মিছিলটি এক থেকে দুই মিনিট স্থায়ী হয়। তাঁরা মিছিলটি প্রতিহত করেন এবং এতে অংশ নেওয়া দুজনকে পুলিশের হাতে তুলে দেন বলে দাবি করেন তিনি।
নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজীব বলেন, মিছিলের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই মিছিলকারীরা চলে যান। তন্ময় ও সৌরভের নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুপুরের দিকে সোহাগদলে একটি মিছিল বের হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। তবে তাঁদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
স্থানীয় সূত্রের দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নেছারাবাদে এটাই ছাত্রলীগের প্রথম ঝটিকা মিছিল। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









