বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দামটানা দরবৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।
সোমবার (২৬ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা এবং জ্বালানি তেলের সরবরাহব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩২ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১৪ সেন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে ১০১ ডলার ১৩ সেন্টে নেমে আসে।
একই সময়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ কমে ১১৪ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।
এর আগে গত সপ্তাহের শেষ দিকে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছেছিল জ্বালানি তেল। শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলার পর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লে তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়। পুরো সপ্তাহে ব্রেন্টের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।
সপ্তাহান্তেও সৌদি আরবে হামলার ঘটনা অব্যাহত থাকে। শনিবার দেশটির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করে হুথিরা। রোববার সৌদি আরব জানায়, তারা আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এর আগে হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির প্রধান বিমানবন্দরে রোববার আংশিক কার্যক্রম শুরু হয়। তবে ওই স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
এদিকে, আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্থিতিশীল করতে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা করেছে সৌদি আরব। সোমবার দুই দেশের জ্বালানিমন্ত্রীরা এ তথ্য জানান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, লুইজিয়ানার একটি তেল শোধনাগারে সরবরাহ বিঘ্নের প্রভাব মোকাবিলায় দেশটির কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ৪ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ববাজারে তেলের দাম কমলেও সৌদি আরবে হামলা, সরবরাহব্যবস্থার অনিশ্চয়তা এবং জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাজারে অস্থিরতা বজায় রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









