বরিশালের উজিরপুর উপজেলা ভূমি কার্যালয়ে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় দুই নারী কর্মচারীকে প্রত্যাহার করে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।
উজিরপুর ভূমি অফিসে ঘুষের অভিযোগে দুই নারী কর্মচারী প্রত্যাহার, চালক বরখাস্ত প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পাশাপাশি ঘুষ গ্রহণের অভিযোগ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ছাড়া ঘুষ লেনদেনের ওই ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও সামনে আসে। এসব ঘটনা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর জারি করা আদেশে সানজিদা আক্তার ও সুরাইয়া আক্তারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই আদেশের প্রেক্ষাপটে গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উজিরপুর উপজেলা ভূমি কার্যালয়কে ঘিরে ওঠা এসব অভিযোগের পর প্রশাসনের এ পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তদন্তের ফলাফল বা সংশ্লিষ্ট কর্মচারীদের বক্তব্য জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









