গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একদিনের ব্যবধানে দুটি হাতির মৃত্যু হয়েছে।
মৃত হাতি দুটির মধ্যে একটি ছিল নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে আনা হাতি ‘রাজু বাহাদুর’। অপর হাতিটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিল।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় হাতি দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
তিনি জানান, গত ৬ আগস্ট অপর একটি হাতির মৃত্যু হয়। এরপর ৭ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় ‘রাজু বাহাদুরকে’ মৃত অবস্থায় পাওয়া যায়।
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা থাকা অবস্থায় রাজু বাহাদুরের ওপর অন্য একটি হাতি আক্রমণ করে। এতে সে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তার একটি পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। অপর একটি পায়েও গুরুতর আঘাত ছিল।
আহত হাতিটির অবস্থা সংকটজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের আনা হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একাধিক মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা চালানো হয়। প্রায় আড়াই মাস চিকিৎসার পর শেষ পর্যন্ত ৭ আগস্ট সকালে হাতিটি মারা যায়।
অন্যদিকে, এর আগে ৬ আগস্ট পূর্ণবয়স্ক অপর একটি হাতির মৃত্যু হয়। পার্ক কর্তৃপক্ষের দাবি, হাতিটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিল।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, মৃত হাতি দুটির নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। বন বিভাগের অনুমতি নিয়ে পার্কের ভেতরেই হাতি দুটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।
বন বিভাগ ও সাফারি পার্ক সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করে। অভিযোগ ছিল হাতিটিকে রাস্তাঘাট ও বিভিন্ন বাজারে মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহার করা হতো। উদ্ধারের সময় হাতিটির বয়স ছিল প্রায় ৯ বছর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









