ময়মনসিংহের ত্রিশালে ইজারাদারের কর্মী ও সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড় ও শারীরিকভাবে প্রহার করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাক্কলন ও আদেশ অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালু বিক্রির একটি পয়েন্টে বুধবার (১২ আগস্ট) দুপুরে ইউএনও’র বিরুদ্ধে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেই ঘটনার পর বৃহস্পতিবার দিনভর ইউএনও আরাফাত সিদ্দিকী কার্যালয়ে ছিলেন না। বিভিন্ন কাজে কার্যালয়ে আসা সেবাপ্রার্থীদের অনেকেই ফিরে গেছেন। তার অনুপস্থিতির কারণও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি।
তবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্থানীয় ত্রিশাল পৌর এলাকায় সংসদ সদস্য মাহবুবুর রহমানের উপস্থিতিতে একটি হাসপাতালে ওই ঘটনা নিয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে ইজারাদারের লোকজন ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকের একপর্যায়ে ইউএনও সেখানে উপস্থিত হয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
ইউএনও আরাফাত সিদ্দিকী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘‘মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উদ্যোগে আমরা বসেছি। আমাদের মধ্যে এখন এ ধরনের কোনো বিষয় নেই।’’
তিনি আরও বলেন, ‘‘আইনসংগত কার্যক্রমের মধ্যে চলমান অবস্থায় হঠাৎ করে এ ধরনের একটা ঘটনা, অবশ্যই এটার জন্য আমি দুঃখ প্রকাশ করব। আমি দুঃখ প্রকাশ করি, ইভেন এটা আমি ফিলও করি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









