গভীর সমুদ্রে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বড় আকারের দাতিনা মাছ। মাছটি বৃহস্পতিবার কেবি মৎস্য বাজারের আড়তে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকালে বাগেরহাট শহরে কে বি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে মিরাজ হাওলদার আড়তে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয়। প্রতি মন ৬ লক্ষ ৯৪ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে। যার প্রতি কেজি মাছের দাম পড়েছে ১৫ হাজার ৭৭৭ টাকা। উচ্চ মূল্যে এই মাছটি ক্রয় করেছেন মাছ ব্যবসায়ী হারুন মীর।
গত ১১আগষ্ট বঙ্গোপসাগরে বিশাল আকারের এই মাছটি ধরা পড়ে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের মাছ ধরা ট্রলারে।
ইলিশ মাছ ধরা এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন বলেন, “সাগরের আবহাওয়া খারাপ থাকায় ইলিশ জালে ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহুর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় ধাতিনা ভোল মাছটি পাওয়ায় খুশি হয়েছি। এই মাছটির দাম অনেক।”
ভোলমাছ ক্রেতা হারুন মীর বলেন, “ধাতিনা ভোল মাছের মণ ৬ লক্ষ ৯৪ হাজার টাকা। সেই হিসাবে সাড়ে ২২ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি ৩ লাখ ৫৫ হাজার টাকায়। এখন এই মাছটি বরফ দিয়ে বড় মোকামে নেওয়া হবে, সেখান থেকে চট্রগ্রামে পাঠানো হবে। আশা করি ৫০ হাজার টাকা লাভ করতে পারবো।”
স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ছোট ছোট জাল সাগরে নিয়ে যাওয়ার কারণে এই মাছ ছোট থাকতেই ধরা পড়ে। অনেক বছর পরে সাড়ে ২২ কেজির দাতিনা ভোল ধরা পড়েছে। এটি সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে। অনেকদিন পর এই মাছ পাওয়ায় আমরা খুবই আনন্দিত।
মাছ ব্যবসায়ীরা জানান, চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মাছের বিশেষ অঙ্গ পটকার (স্থানীয় ভাষায় বালিশ) ব্যাপক চাহিদা রয়েছে। এটি থেকে উন্নত মানের সিজারিয়ান কট তৈরী হয় বলে জানায় তারা।
মাছটি বিশাল অঙ্কে বিক্রি হওয়ায় স্থানীয় জেলেদের মুখে ফুটেছে আনন্দের হাসি। স্থানীয়দের মতে, বঙ্গোপসাগর ও উপকূলীয় নদীগুলোতে মাঝে মধ্যেই এমন দু-একটি বিরল মাছ জেলেদের জালে ধরা পড়ে, যা এক রাতেই তাদের ভাগ্য বদলে দেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









