তথ্যপ্রযুক্তির আধুনিক সুযোগ-সুবিধা ছড়িয়ে দিতে বরিশালে নির্মিত হয়েছে সাততলা বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স। প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শুধু দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করলেই কোনো প্রকল্পের সার্থকতা আসে না। জনগণ কতটা উপকৃত হচ্ছে, সেই ব্যবহারিক মূল্যই একটি স্থাপনার প্রকৃত সাফল্য নির্ধারণ করে।
জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য ভবনের মূল্যকে বৈশ্বিক মানদণ্ডে নিয়ে যেতে চায় সরকার। এ কারণে ভবনের অবকাঠামোগত মানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রযুক্তির সক্ষমতা নিয়ে তিনি বলেন, কোনো প্রযুক্তির কার্যকারিতা তার বাহ্যিক অবয়ব, মুঠোফোন কিংবা দামের ওপর নির্ভরশীল নয়। এর প্রকৃত সক্ষমতা নির্ভর করে সেটি মানুষের কতটা কাজে আসছে তার ওপর। বরিশালের এ তথ্য কমপ্লেক্সের কার্যক্রম পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী জানান, তথ্য কমপ্লেক্সে একটি আধুনিক ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজে তথ্য ও জ্ঞান আহরণের সুযোগ পাবেন। ফলে এটি শুধু একটি প্রশাসনিক স্থাপনা হিসেবে নয়, জ্ঞানচর্চা ও তথ্যপ্রযুক্তির কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, একসময় দেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল ছিল। নানা কারণে বর্তমানে এর সংখ্যা কমে প্রায় ১৪০টিতে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ হিসেবে তিনি বর্তমান সময়ের চলচ্চিত্রগুলো সিঙ্গেল স্ক্রিনের উপযোগী না হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আধুনিক দর্শকদের চাহিদা বিবেচনায় তথ্য কমপ্লেক্সে উন্নতমানের স্ক্রিনের সুবিধা রাখা হয়েছে। এর ফলে চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন ধরনের আধুনিক তথ্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
বরিশালের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর তালিকায় তথ্য কমপ্লেক্সকে অন্যতম হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের কোনো মেগা প্রকল্পের সাফল্য শুধু ভবন, সড়ক বা অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। এসব প্রকল্পের প্রকৃত মূল্যায়ন হবে সাধারণ মানুষ সেখান থেকে কতটা সুবিধা পাচ্ছে, তার ভিত্তিতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
সাততলা বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর আজ আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









