বরিশালের গৌরনদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার এক মাদ্রাসা শিক্ষকের বসতঘরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাসেমাবাদ-গেরাকুল সীমান্ত এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বেপারীর ঘরে হানা দেয় ডাকাত দল।
ভুক্তভোগী আনোয়ার হোসেন গৌরনদীর আল-হেলাল একাডেমির শিক্ষক। তিনি জানান, গভীর রাতে পাঁচ থেকে ছয়জনের সশস্ত্র একটি দল বসতঘরের দরজা ভেঙে ভেতরের প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই ডাকাতরা তাকে ও তার ছেলেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর পুরো ঘর তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একাধিক মোবাইল ফোন নিয়ে যায়। তবে ডাকাত সদস্যরা মোবাইল ফোন নিয়ে গেলেও সিম কার্ডগুলো খুলে রেখে যায়।
এ ঘটনায় মঙ্গলবার (১৮ আগস্ট) ভুক্তভোগী পরিবার গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে মালামাল উদ্ধার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে, গত ১৪ আগস্ট রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের বাড়িতে একই কায়দায় হামলা চালায় ডাকাত দল। প্রবাসী স্ত্রীর ও সন্তানের গলায় রামদা ধরে পুরো ঘরের মালামাল লুটে নেয় তারা। মাত্র চার দিনের ব্যবধানে আবারও ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









