গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের হোনাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (প্রায় ৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে ঢাকা-যমুনা সেতু রেললাইনের হাইটেক পার্ক লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই যুবক রেললাইন ধরে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ায় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের সঙ্গে কোনো কাগজপত্র বা পরিচয় শনাক্তের মতো তথ্য পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ভোরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে জানানো হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









