জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, ‘‘আপনারা সরকারি দলের নন, বিরোধী দলের। তাই সরকারি সুযোগ-সুবিধা আপনাদের হাতে নেই। জনগণকে সেভাবে সহযোগিতা করতে পারবেন না। তবে অন্যায়-অবিচারের প্রতিবাদ, জনগণের অধিকার আদায়ে সহযোগিতা এবং ইসলামী সমাজব্যবস্থার সুফল সম্পর্কে মানুষকে সচেতন করার মতো কাজ করতে পারবেন।’’
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটরিয়ামে ‘বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল জব্বার বলেন, ‘‘কোথাও জনগণের ওপর কোনো পক্ষ অন্যায়-অবিচার করতে চাইলে রাসূল (সা.)-এর সুন্নাহ অনুযায়ী সম্মিলিতভাবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে এবং জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার পায়, সে বিষয়ে সহযোগিতা করতে হবে।’’
তিনি বলেন, ‘‘বিভিন্ন এমপি, চেয়ারম্যান, মেয়র ও প্রশাসকের মাধ্যমে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়, সেখান থেকে একটি অংশ আত্মসাতের অভিযোগ অতীতের মতো এখনো রয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’’
জামায়াতের এ নেতা আরও বলেন, ‘‘সমাজ পরিবর্তনের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে রাষ্ট্রের কল্যাণ ও জনগণের উপকার করাই তাদের লক্ষ্য। তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে ধারণ ও লালন করেন। একটি ইসলামী ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কী ধরনের সামাজিক পরিবর্তন আসতে পারে এবং জনগণ কী ধরনের সমাজ পাবে—সেসব বিষয় জনগণের দোরগোড়ায় গিয়ে তুলে ধরতে হবে।’’
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রিন্সিপাল মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান।
এতে আরও বক্তব্য দেন সাবেক জেলা আমির মমিনুল হক সরকার, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের কাশেমী নদভী, অধ্যক্ষ মাওলানা আবু বকর, মাওলানা ওমর ফারুক মুজাহিদীসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল নেতাকর্মী, স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









