গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি নিটিং কারখানায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল কারখানার নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সুতা ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কাশিমপুর থানার বড় ভবানীপুর এলাকায় মির্জা এ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরিতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও কারখানা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের কোনো এক সময় কারখানার বাউন্ডারি ওয়াল টপকে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল। তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কারখানায় ঢুকেই ডাকাতরা নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে পাটের রশি ও ফেব্রিক্স দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে রাখা হয়। পরে গেটের তালা কেটে কারখানা থেকে ৭ হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিসুল হক বলেন, রাত ৩টার দিকে কারখানা থেকে তাকে ফোন করা হয়েছিল। তবে মোবাইল চার্জে থাকায় তিনি ফোনটি রিসিভ করতে পারেননি। পরে জানতে পারেন, ডাকাতরা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।
কারখানার সহকারী অপারেটর রাব্বি বলেন, ‘আমরা কারখানার ভেতরে ছিলাম। হঠাৎ ১০ থেকে ১৫ জনের একটি দল এসে আমাদের হাত-পা বেঁধে ফেলে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।’
এ ঘটনায় কারখানার শ্রমিক ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









