পরিবারের অমতে ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখের সংসারের স্বপ্ন দেখেছিল ১৬ বছরের কিশোরী লাবনী আক্তার। তবে সেই স্বপ্নের সংসার স্থায়ী হলো মাত্র নয় মাস।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষপানের পর চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা গেছে লাবনী।
নিহত লাবনী আক্তার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে।
প্রায় নয় মাস আগে পরিবারের অমতে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের আমজেদ আলী ঘরামীর ছেলে রিফাত ঘরামীকে বিয়ে করে সে।
লাবনীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও মানসিক চাপের মধ্যে ছিল লাবনী। এসব কারণে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে সে। একপর্যায়ে শনিবার বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে লাবনী।
লাবনীর মা রাজিয়া সুলতানা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বিষপান করা অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই লাবনীর মৃত্যু হয় বলে জানান স্বজনরা।
লাবনীর মা অভিযোগ করে বলেন, স্বামী ও তার পরিবারের অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত সে বিষপান করেছে। আমরা মনে করি, দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক যন্ত্রণাই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এদিকে অভিযোগের বিষয়ে লাবনীর স্বামী রিফাত ঘরামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









