নওগাঁর সাপাহারে ইটভাটা স্থাপনের প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সব কার্যক্রম বন্ধ রাখা এবং নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নতুন নির্মাণাধীন ‘স্টার ব্রিকস্’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।
অভিযান সূত্রে জানা যায়, ইটভাটা স্থাপনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করেই কৃষিজমিতে ভাটা স্থাপনের কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে অবৈধভাবে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সতর্ক করেছিলেন।
এরপরও নির্মাণকাজ অব্যাহত রাখায় রোববার সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত ইটভাটা স্থাপনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভাটা নির্মাণে ব্যবহৃত সব ধরনের নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও আইনবিধি লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









