অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশবান্ধব ব্লক ইট নির্মাণে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নীলফামারীতে ইটভাটা মালিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অবৈধ ইটভাটা বন্ধে করণীয় ও পরিবেশবান্ধব ব্লক ইট নির্মাণ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কার্যালয়ের রিসার্চ অফিসার মো. রুনায়েত রেজা আমিন। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।
সভায় প্রধান অতিথি নুর আলম বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ওপর অবৈধ ইটভাটার ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। পাশাপাশি পরিবেশবান্ধব ব্লক ইট প্রস্তুতের বিভিন্ন সুবিধা এবং এ বিষয়ে সরকারের নির্দেশনাসমূহ নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন সনাতন পদ্ধতিতে পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট নির্মাণে ইটভাটা মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো বন্ধ রাখার এবং স্থায়ীভাবে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মালিকদের অনুরোধ করেন।
আলোচনা সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পরে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









