কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আমানগন্ডা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার আনুমানিক রাত ৩টার দিকে আমানগন্ডা বিওপির একটি টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে পড়ে থাকা বিপুল পরিমাণ গাঁজা দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে সেখান থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, উদ্ধার করা গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









