গাজীপুরে বিদেশি অস্ত্রসহ জাহিদ হাসান (১৮) নামে এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করেছে র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও পিস্তল সদৃশ একটি খেলনা এয়ার সফট পিস্তল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে জেলার জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধও ছিল।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা জয়দেবপুরের বানিয়ারচালা এলাকায় জাহিদ হাসানের বসতবাড়িতে অভিযান চালান। এ সময় তার নিজ শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তল সদৃশ একটি খেলনা এয়ার সফট পিস্তল উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, জাহিদ হাসান তার নিজ দলে লোকজনকে যোগ দেওয়ানোর জন্য অস্ত্র প্রদর্শন করে হুমকি দিতেন।
র্যাব-১-এর কমান্ডার আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কী উদ্দেশ্যে সেগুলো তার হেফাজতে রাখা হয়েছিল এসব বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









