নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সুসংহত ও অধিকারভিত্তিক করার ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত এবং দেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, অভিবাসন বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব ও অঙ্গীকার, জাতীয় নীতি ও কর্মপরিকল্পনার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার কার্যকর সমন্বয় করতে হবে। একই সঙ্গে বৈদেশিক শ্রমবাজারে বৈচিত্র্য আনা এবং নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
নিজ নির্বাচনী এলাকার অভিজ্ঞতা ও অভিবাসনের সামগ্রিক চিত্র তুলে ধরে তিনি অনিয়মিত অভিবাসন, মানবপাচার, অভিবাসী চোরাচালান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণার ঘটনায় উদ্বেগ জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের ভেতরে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে পারলেই বিদেশে থাকা বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা আরও নিশ্চিত করা সম্ভব। এ জন্য সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক অভিবাসীবান্ধব নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে মাঠ প্রশাসনের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশী ও দেশে ফিরে আসা অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করার তাগিদ দেন।
মতবিনিময়সভায় অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসকেরা নিজ নিজ এলাকার অভিবাসন পরিস্থিতি, অভিবাসীদের সুরক্ষা এবং অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক জেলা প্রশাসকদের সামনে তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী চলতি বছর জাতিসংঘে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের উপস্থাপিত বক্তব্য ও অঙ্গীকারের বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন অভিবাসন গন্তব্য দেশের অবস্থান নিয়েও আলোচনা করেন তিনি।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়-পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামসহ পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) প্রতিনিধি, অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসক, ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন সভায় অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









