সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ২০ পিস ইয়াবাসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকেই আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন মাদক মামলার এজাহারনামীয় আসামি এবং অপরজন একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে দিরাই থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় মাদক মামলার এজাহারনামীয় দুই আসামি মো. হৃদয় মিয়া (২৫) ও মো. মারুফ আহম্মদকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হৃদয় মিয়া দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ী গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। মারুফ আহম্মদ একই গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রয়েছে। মামলাটি ২৪ আগস্ট দায়ের করা হয়।
অপর একটি অভিযানে দিরাই থানার একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি মেরাজ মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রনারচর গ্রামের রুপ মিয়ার ছেলে। পুলিশ রনারচর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মেরাজ মিয়ার বিরুদ্ধে দিরাই থানায় দায়ের হওয়া মামলায় দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘‘মাদক ও অপরাধের বিরুদ্ধে দিরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে হোক, আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









