একসাথে ৩ তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশালের এক কলেজ ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দেওয়া এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও চাওয়া হতো তরুণীদের কাছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল সোমবার রাতে নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কের মুন্সিগ্যারেজ এলাকায় তিন তরুণীর হাতে প্রকাশ্যে মারধরের শিকার হন জাবেদ নামের ওই তরুণ।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে যায়। জাবেদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামে। বর্তমানে তিনি নগরের গোরস্থান রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জাবেদের বিরুদ্ধে অভিযোগ করা এক তরুণীর দাবি, ২০২০ সালে তার সঙ্গে জাবেদের সম্পর্ক হয়। সম্পর্ক চলাকালে জাবেদ বিভিন্ন সময় তাকে নানা ধরনের প্রস্তাব দিতেন। মুঠোফোনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে দেওয়ার জন্যও চাপ দিতেন বলে অভিযোগ করেন ওই তরুণী। তার দাবি, জাবেদের পড়াশোনার খরচ, মুঠোফোন কেনা এবং মোটরসাইকেলে তেল ভরার টাকাসহ বিভিন্ন খরচও তাকে বহন করতে হয়েছে।
ওই তরুণী জানান, জাবেদের সঙ্গে সম্পর্ক চলার সময়ই তিনি জানতে পারেন, তার পাশাপাশি আরও কয়েকজন তরুণীর সঙ্গে জাবেদের সম্পর্ক রয়েছে। পরে খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হন বলে দাবি করেন তিনি।
এরপর সোমবার রাতে কৌশলে জাবেদকে নগরের মুন্সিগ্যারেজ এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে একে একে তিন তরুণী উপস্থিত হন। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জাবেদকে মারধর করা হয়। এ সময় ঘটনাটি দেখতে আশপাশের লোকজন জড়ো হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে যায়।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেছেন, একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









