নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামলার বিচার, নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামবাসীর উদ্যোগে- সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে সোনারগাঁ থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন ও এসআই হারুনের অপসারণের দাবি জানান।
স্থানীয় জানা যায়, জৈনপুর গ্রামের ‘আর অ্যান্ড এইচ-জৈনপুর রোড ভায়া পিরোজপুর ইউপি অফিস’ সড়কটি এলজিইডির আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত হলেও দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
গ্রামবাসীর দাবি, ২০ আগস্ট ভারী যানবাহন চলাচলে বাধা দিলে কোম্পানির লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হন। পরে কোম্পানির পক্ষ থেকে দায়ের করা মামলায় আহত ব্যক্তিসহ সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদের আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এছাড়া গ্রামবাসীর অভিযোগ, তাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে এখনো মামলা গ্রহণ করা হয়নি। বরং তদন্তের নামে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় সোনারগাঁ থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন ও এসআই হারুনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
মানববন্ধনে মাহমুদা বেগমের অভিযোগ, ভারী যানবাহন চলাচলে বাধা দিলে কোম্পানির লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হন। পরে কোম্পানির পক্ষ থেকে উল্টো আহত ব্যক্তিসহ সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরকে আসামি করা হয়েছে। পুলিশ কোম্পানির দায়ের করা অভিযোগের তিন ঘন্টার মধ্যে কোন প্রকার তদন্ত ছাড়াই মামলা গ্রহন করে।
মানববন্ধনে হামলার সুষ্ঠু বিচার, গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তার অপসারণ এবং জৈনপুর সড়ক রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









