অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড পিওএল ডিপো।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিপোর যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল আনলোড পয়েন্টের মটর রুমে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়।
ডিপোর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনার পর ডিপোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।
খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন এ ডিপোর মাধ্যমে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ করে। ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমেও এ ডিপোতে তেল আসে। ডিজেল, পেট্রোল ও অকটেন মিলিয়ে ডিপোটির ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার মেট্রিক টন।
বিপুল জ্বালানি মজুতের কারণে এমন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় এবার বড় বিপদ এড়ানো গেলেও আগুনের কারণ খুঁজে বের করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









