পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে কৃষকের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহার নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স আফতাব ট্রেডার্সের মালিক গনি বিহারীকে এ জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকের জন্য নির্ধারিত সার নিয়মবহির্ভূতভাবে কালোবাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, ১ হাজার ৫০ টাকা দামের সার ১ হাজার ৫৩০ থেকে ১ হাজার ৫৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়েছে। এছাড়া কৃষকদের জন্য বরাদ্দকৃত সার বিকেল বা সন্ধ্যার পর অন্যত্র পাচার করা হতো বলেও অভিযোগ রয়েছে।
অভিযানে আরও জানা যায়, ১ হাজার ৩৫০ টাকা দামের ইউরিয়া সার ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত এবং ১ হাজার টাকা দামের এমওপি (পটাশ) সার ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। কৃষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও পাওয়া গেছে।
ইউএনও তামারা তাসবিহা জানান, অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে অনিয়ম, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামসহ কৃষি বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









