পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন মো. সায়েমের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর মসজিদের নিজ কক্ষ থেকে তার লাশ পাওয়া যায়।
নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় হলে মুসল্লি মো. ইউসুফ হাওলাদার মসজিদে এসে প্রথম সায়েমের ঘরে যান এবং সেখানে রহস্যজনক অবস্থায় তাকে দেখতে পান। পরবর্তীতে তিনি অন্যান্য মুসল্লি ও স্থানীয়দের খবর দেন। নিহতের নিজ কক্ষের সিলিং ফ্যানের হুকের সাথে একটি চিকন প্লাস্টিকের রশি ঝুলতে দেখা যায় এবং সায়েমের গলায় ফাঁসের স্পষ্ট দাগ রয়েছে।
নিহতের ভাই কামাল হোসেনসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে বের করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









