পরিবহণ শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা, মারধর করার প্রতিবাদে শনিবার (২৮ আগস্ট) চুয়াডাঙ্গা জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় ইজিবাইক চালকরা সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেয়। তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালায়।
নিরাপত্তা নিশ্চিত করা ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে একযোগে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা জেলার রুটগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। ইজিবাইক ও অন্যান্য যানবাহনে চড়ে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ আরও জানান, পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









