টাঙ্গাইলে গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি, ডেইলি বাংলাদেশের বিশেষ প্রতিবেদক, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য রুমি আক্তার পলিকে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর কথা বলে হেনস্তার অভিযোগে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার চার দিন পরও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এদিকে অভিযোগপত্র জমা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যসহ পোস্ট দেওয়ার অভিযোগে শুক্রবার (২৮ আগস্ট) টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী সেই নারী সাংবাদিক।
রুমি আক্তার পলি জানান, ২৪ আগস্ট (সোমবার) পেশাগত দায়িত্ব পালন শেষে টাঙ্গাইল প্রেস ক্লাবে আসেন তিনি। পরে বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার সময় প্রেস ক্লাবের সদস্য অলোক কুমার দাস তাকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর কথা বলেন।
তিনি বলেন, “পরিস্থিতি উত্তপ্ত না করে ধৈর্যের সঙ্গে বিষয়টি সামাল দেই। ওই রাতেই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করি। পরদিন সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছি। কিন্তু চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। অভিযোগ দেওয়ার পর থেকেই লাবু খন্দকার নামে একজন ফেসবুকে বিভিন্ন অনুষ্ঠানের ছবি নিয়ে একটি আপত্তিকর মন্তব্যসহ পোস্ট করছেন।”
পলির দাবি, ‘‘অলোক কুমার দাসের নির্দেশেই এসব পোস্ট করা হচ্ছে। কারণ লাবু খন্দকারের একাধিক পোস্টে অলোক কুমার দাসকে সমর্থন করে আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমনকি কয়েকটি পোস্টে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন। অভিযোগ দেওয়ার পরও এ ধরনের কর্মকাণ্ড আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে করা হচ্ছে।’’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ব্যবহার করে আপত্তিকর মন্তব্য ও পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৮ আগস্ট টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান রুমি আক্তার পলি।
টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা বলেন, “এ বিষয় নিয়ে আগামী পরশু (১ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা আহ্বান করা হয়েছে। আশা করি ওই সভায় পলির বিষয়টি সমাধান হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









