পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে এলাকা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, ছয় বছরের একটি নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের নির্যাতন অত্যন্ত ন্যক্কারজনক ও অপরাধ। তারা অবিলম্বে অভিযুক্ত সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এই স্পর্শকাতর ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো অপচেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তারা।
বিক্ষোভ থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলা হয়, এই সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, "তিনি অপরাধী যেই হোন না কেন—গরিব হোক বা প্রভাবশালী হোক—তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।"
এদিকে স্থানীয়দের দাবি, ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে আইনের মুখোমুখি করে শিশুটির পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









