সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন বাবা। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন খিলগ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও তাঁর ছেলে মাসুক আহমেদ। সোমবার (৩১ আগস্ট) জোহরের নামাজের পর তাঁদের জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্থানীয় ইউপি সদস্য খলিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। গতকাল সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর শুনে আব্দুল লতিফ অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পর তাঁরও মৃত্যু হয়। মাসুক আহমেদ সদ্য বিবাহিত ছিলেন।
ইউপি সদস্য খলিল উদ্দিন এদিনকে বলেন, ‘মাসুক আহমেদের মৃত্যুর পরপরই তাঁর বাবারও মৃত্যু হয়েছে। আজ জোহরের নামাজের পর তাঁদের জানাজা অনুষ্ঠিত হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









