মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফির ইতিহাসে ৫৭ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার।
বর্তমানে চলমান দুলীপ ট্রফির সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলছে ইস্ট জোন। দলের ওপেনিং ব্যাটার হিসেবে খেলছেন বৈভব। রোববার অধিনায়ক ইশান কিষানের অনুপস্থিতিতে দলের নেতৃত্বও সামলাতে হয় তাকে।
সোমবার ব্যাট হাতে আগ্রাসী মেজাজে নামেন বৈভব। নিজের চিরচেনা আক্রমণাত্মক ব্যাটিং ধরে রেখে মাত্র ৪২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ইনিংসে তিনটি ছক্কা ও পাঁচটি চার মারেন এই তরুণ।
এই অর্ধশতকের সুবাদেই দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার রেকর্ড গড়েছেন বৈভব। ভেঙেছেন লক্ষ্মণ সিংয়ের ৫৭ বছরের পুরোনো রেকর্ড। লক্ষ্মণ সিং এই টুর্নামেন্টে নিজের প্রথম অর্ধশতক করেছিলেন ১৬ বছর ২৩ দিন বয়সে। সেখানে বৈভব এই মাইলফলক ছুঁলেন মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে। তালিকায় এরপরই আছেন পীযূষ চাওলা। তিনি ১৬ বছর ৩০৭ দিন বয়সে অর্ধশতক করেছিলেন।
প্রথম দিনে অভিজ্ঞ পেসার মুকেশ কুমার ও ডানহাতি মিডিয়াম পেসার অভিজিৎ সরকার তিনটি করে উইকেট নিয়ে সেন্ট্রাল জোনকে ৮০.১ ওভারে ২৬৬ রানে অলআউট করেন।
টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন ইস্ট জোনের অধিনায়ক ইশান কিষান। মুকেশ ৫৬ রানে ৩টি এবং অভিজিৎ সরকার ৩৮ রানে ৩টি উইকেট নেন। এ ছাড়া মোহাম্মদ শামি ৪২ রানে ২টি এবং অফস্পিনার মো. কাওনাইন কুরাইশি ৪৯ রানে ২টি উইকেট নেন। এভাবেই ২৬৬ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল জোন।
তবে সকালের সেশনের মাঝপথে ডান কব্জিতে বল লাগার পর মাঠ ছাড়তে বাধ্য হন ইশান কিষান। লাঞ্চের আগে ও পরে প্রায় এক ঘণ্টা ইস্ট জোনের অধিনায়কত্ব সামলান বৈভব, যখন চোট সারাতে মাঠের বাইরে ছিলেন কিষান। পরে দলের দায়িত্ব আবার নিজের হাতে তুলে নেন কিষান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









