চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ি ও অন্যান্য পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
রবিবার (৩০ আগস্ট) সোনামসজিদ আইসিপি চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্তে চোরাচালান রোধে কঠোর নজরদারি বজায় রয়েছে। সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী প্রতিবেশী দেশের চোরাকারবারীদের সাথে যোগসাজশে বৈধ পাসপোর্টের আড়ালে সোনামসজিদ আইসিপি ব্যবহার করে অবৈধ উপায়ে পণ্যসামগ্রী বাংলাদেশে প্রবেশের অপচেষ্টা চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট সন্ধ্যায় সোনামসজিদ আইসিপি চেকপোস্টে সন্দেহভাজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের মালামাল তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ সময় নিয়মের অতিরিক্ত মালামাল হিসেবে ৩৯৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, ৩ পিস ভারতীয় শাড়ি, ৯১ পিস মলম এবং ২৪ পিস কনফেকশনারী জব্দ করা হয়।
বিজিবি জানায়, নিয়মানুযায়ী একজন পাসপোর্টধারী যাত্রী মাল্টিপল ভিসায় বছরে ৩ বার ব্যাগেজ সুবিধা পেয়ে থাকেন (সর্বোচ্চ ৪০০ ডলার)। তবে আটককৃত যাত্রীরা এর আগে ৭-৮ বার বাংলাদেশ ভ্রমণ করেছেন।
বর্তমানে জব্দকৃত পণ্যসামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, চোরাচালানসহ যেকোনো অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে আভিযানিক কার্যক্রম আরও বেগবান করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









