বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি, দেশ-বিদেশের খ্যাতনামা আলেম ও নাতশিল্পীদের অংশগ্রহণ এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে সারকারে মাদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক সুন্নি কনফারেন্স-২০২৬। সম্মেলনে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
রবিবার (৩০ আগস্ট) রাতে সৈয়দপুর বাংলা হাই স্কুল মাঠে আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উদ্যোগে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর শুরু হওয়া সম্মেলন চলে গভীর রাত পর্যন্ত। এতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ওলামা, পীর-মাশায়েখ ও নাতশিল্পীরা অংশ নেন।
সম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উত্তর প্রদেশের জায়েস শরীফস্থ আস্তানায়ে আলিয়া আশরাফীয়া আহমাদিয়ার সাজ্জাদানশীন ও খতিবে আজম হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ সৈয়দ মুহাম্মদ আশরাফ কালিম আশরাফী আল-জিলানী সাহেব। প্রধান অতিথি ছিলেন ভারতের আস্তানায়ে আলিয়া আশরাফীয়া আহমাদিয়া জায়েস শরিফের ওয়ালি এ আহাদ জামালে মিল্লাত হযরাতুল আল্লামা শাহ সৈয়দ আহমাদ জামাল আশরাফ আশরাফী আল-জিলানী সাহেব।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর সব নাতে রাসুল পরিবেশন করেন পাকিস্তান হতে আগত আন্তর্জাতিক নাতশিল্পী আলহাজ্ব জোহাইব আশরাফী সাহেব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জায়েস শরীফের মাওলানা মোহাম্মদ ইরফান আশরাফী। আরও উপস্থিত ছিলেন খলিফা মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী, মাওলানা সাবির হোসেন নুরী রিজভী, মাওলানা রিদওয়ান আল কাদেরী, মাওলানা গোলাম হিরা আশরাফী, মাওলানা মারগুব আশরাফী প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আত, সৈয়দপুরের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তাসলিম আশরাফী।
এ সময় সুফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান নূর মোহাম্মদ রানা, খলিফা নিজামুদ্দিন আশরাফী, সৈয়দ আবুল বরকত আকাশ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, এরশাদ হোসেন (পাপ্পু), জামায়াতে ইসলামি উপজেলা শাখার নায়েবে আমির শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ, আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকিদা ও ইসলামী মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মুসলিম সমাজের অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক বিভেদ, সংকীর্ণতা ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শকে সামনে রেখে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের কার্যকর ভূমিকা রাখা জরুরি।
আন্তর্জাতিক এ সম্মেলনকে ঘিরে সৈয়দপুর বাংলা হাই স্কুল মাঠে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। দেশ-বিদেশের আলেম, পীর-মাশায়েখ ও নাতশিল্পীদের উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনা ও নাতে রাসুল (সা.) পরিবেশনের পাশাপাশি ইসলামী ভাবধারার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন আগত মুসল্লিরা।
আয়োজকরা জানান, আহলে সুন্নাত ওয়াল জামা'আতের শান্তি, সম্প্রীতি ও ইসলামী আদর্শের প্রচার, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের আয়োজন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









