পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার মিয়ারহাট বন্দরের নুরজাহান হাবিব সেমি-ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যাপিকা ও নুরজাহান হাবিব সেমি-ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনের সভাপতি উম্মে সালমা।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ কামাল পারভেজ, পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ম্যানেজার মুজাফফর হোসেন, স্বরূপকাঠি প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, সোহেল রানা মৃধা, মেহজাবিন কিবরিয়া শোহেবসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যে গাছগুলো রোপণ করা হলো, আগামী দিনে এগুলোই আমাদের বিদ্যালয় ও এলাকার পরিবেশকে আরও সুন্দর ও সবুজ করে তুলবে।”
তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলতে হবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।”
পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ম্যানেজার মুজাফফর হোসেন বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সর্বস্তরে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠুক।”
তিনি বলেন, “আজকের এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ পরিচর্যার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









