বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার এই অর্জনে আবেগাপ্লুত তার সাবেক ক্লাব বার্সেলোনা।
২০২১ সালে অশ্রুসিক্ত ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে ক্লাব ছাড়লেও এবার মেসির সাফল্যে গর্ব প্রকাশ করেছে কাতালান ক্লাবটি।

স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন মেসি। পুরস্কার গ্রহণের জন্য ৪৮ ঘণ্টা ওভিয়েদোতে ছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোসহ ঘনিষ্ঠ সহযোগীরা।
প্রিন্সেস লিওনরের সঙ্গে বিশেষ সাক্ষাৎপর্বে অংশ নেওয়ার পর তার হাত থেকেই পুরস্কার গ্রহণ করেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বার্সেলোনা লিখেছে, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় অভিনন্দন, লিও মেসি। তোমার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তোমার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। অসাধারণত্ব, খেলাধুলার প্রতি অঙ্গীকার ও মানবিক সংহতির মাধ্যমে তুমি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছ।’

মেসির সঙ্গে নিজেদের দীর্ঘ ইতিহাসের কথাও স্মরণ করেছে বার্সেলোনা। ক্লাবটি বলেছে, মেসির অত্যন্ত সফল ক্যারিয়ারে এফসি বার্সেলোনা ছিল তার জীবন ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। এই অবিচ্ছেদ্য বন্ধন ক্লাবের উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









