ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বেসরকারিভাবে দুটি আসনে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং একটিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ এই ফলাফল ঘোষণা করেন।
১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এই তিনজনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এরআগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জেলার ৪১৮টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। এই তিনটি আসনে মোট ভোটার ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন।
পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। মাসুদ সাঈদী ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন। আহমেদ সোহেল মঞ্জুর ৮ হাজার ২৮৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন (দুলাল) ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মো. শামীম হামিদী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট। রুহুল আমিন ২৭ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









