বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাতামুহুরি চরে বাদামের হাসি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম

মাতামুহুরি চরে বাদামের হাসি

জমি থেকে বাদাম তোলার ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের লামা উপজেলার কৃষকরা। সদরের মেরাখোলা, রাজবাড়ী, লামা মুখ, চাম্পাতলী এলাকায় মাতামুহুরি নদীর তীরে বিস্তীর্ণ জমিতে এই বাদাম আবাদ করা হয়েছে। মান ভালো হওয়ায় প্রতিবছর চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন প্রান্তের পাইকারদের কাছে সরবরাহ করা হচ্ছে এই বাদাম। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কেউ জমি থেকে বাদাম গাছ তুলছেন, কেউ করছেন শিকড় থেকে আলাদা, আবার কেউ ব্যস্ত রোদে শুকানোর কাজে। ভোরের আলো ফুটতেই মাতামুহুরি নদীর চরে বাদাম নিয়ে এই ব্যস্ততা চলে চাষীদের। এ বছর ফলন ভালো হওয়ায় বাদাম চাষে প্রায় দ্বিগুণ লাভের কথা জানান কৃষকরা। কারণ এই বাদামই তাদের বছরের একটি বড় আয়ের উৎস।

জানা যায়, চলতি বছরে ৩৫৮ হেক্টর জমিতে বাদাম আবাদ করা হয়েছে। সম্ভাবনাময় এই ফসলটির চাষ বাড়লে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন চাষীরা।
 
বাবুল নামে একজন কৃষক বলেন, আমরা বর্ষার পরে এখানে বালুর চরে বাদাম চাষ করি। এ বছর ফলন ভালো হয়েছে। চাহিদাও আছে, দামও ভালো পেয়েছি।

উপজেলা সদর এলাকার বাদাম চাষি ইসমাইল জানান, বাদাম রোপণের পর অন্য ফসলের মতো পরিচর্যার প্রয়োজন হয় না। তেমন সার ব্যবহার করতে হয়না। বীজ বপন ও বাদাম উঠানোর শ্রমিক খরচও তেমন নেই বললেই চলে।

মো: আকবার জানান, তিনি ৪১ শতাংশ জমিতে বাদাম চাষ করেছেন। ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের ফলন ভালো হয়েছে। এবার তার খরচ বাদে ৪৫/৫০ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদাম গাছগুলো গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করবেন।

অন্যান্য বাদাম চাষিরা জানান, মাতামুহুরি চরের বালিমাটি চিনা বাদাম চাষের জন্য খুবই উপযোগী। এ বছর বাদাম চাষ করে বেশ লাভবান হয়েছি।

এ বিষয়ে লামা উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, তামাকের বিপরীতে উৎসাহিত করতে এই বছর ১৬০ জনকে সার এবং উন্নত বীজ সরবরাহ করা হয়েছে। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরও প্রশিক্ষণ দিতে পারি, তাদের যে জমিগুলো আছে সেগুলো যদি সব কাজে লাগাতে পারি তাহলে উৎপাদন বহু গুণে বেড়ে যাবে এবং তামাক চাষ থেকে মানুষ ফিরে আসবে। 

মিজানুর/লামা/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.