কুষ্টিয়া জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শুরু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার( ১৬ এপ্রিল) সকাল ৯টার সময় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ১১ মে পর্যন্ত। সংবাদ সম্মেলনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।
এছাড়া হাম ক্যাম্পেইনের উপর তথ্যচিত্র পড়ে শুনান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নাসরিন আক্তার। এ সময় উপস্থিত কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইনটি সফল করতে জেলায় মোট ৬টি স্থায়ী এবং ১,৬৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকারী এবং দুইজন স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন। ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে। জেলায় এই বয়সের মোট শিশুর সংখ্যা ২,৩০,৯২৬ জন।
উপজেলা ও পৌরসভা ভিত্তিক শিশুর সংখ্যার মধ্যে-কুষ্টিয়া সদর উপজেলায় ৪৫,০০০ জন, দৌলতপুর উপজেলায় ৪৭,৬১৩ জন, মিরপুর উপজেলায় ৩৩,৮৯৩ জন, ভেড়ামারা উপজেলায় ২৪,৬৯১ জন, কুমারখালী উপজেলায় ৩৮,৮৪৩ জন, খোকসা উপজেলায় ১৪,০০৬ জন, কুষ্টিয়া পৌরসভায় ১৯,৪৫০ জন, ভেড়ামারা পৌরসভায় ২,৬৮৬ জন এবং কুমারখালী পৌরসভায় ৪,৫৪৪ জন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কুষ্টিয়া জেলায় হামে আক্রান্ত সন্দেহে ৫৩৮ জন রোগী শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং রোগটি প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, উপজেলা ও পৌরসভায় মাইক্রোপ্ল্যান অনুযায়ী পর্যায়ক্রমে নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। অভিভাবকদের তাদের সন্তানদের এই গুরুত্বপূর্ণ টিকা গ্রহণের জন্য নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









